পরকীয়ার গুঞ্জনকে উড়িয়ে দিলেন সারিকা

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫ । ১১:৫৯ অপরাহ্ণ

দ্বিতীয় দাম্পত্য জীবনে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের বিরুদ্ধে ওঠা পরকীয়ার গুঞ্জন নিয়ে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।

রাজধানীর গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকার অনৈতিক সম্পর্ক রয়েছে— এমন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। সেই সূত্র ধরেই শুরু হয় সমালোচনার ঝড়। দাবি উঠেছে, এ কারণেই নাকি তার দ্বিতীয় সংসার ভাঙনের মুখে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দুই পরিবারের সম্মতিতে সারিকা বিয়ে করেন আহমেদ রাহীকে। এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানের সঙ্গে বিচ্ছেদের মাধ্যমে তার প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।

সাম্প্রতিক গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন সারিকা। তিনি জানান, তাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এবং এই সময়ে তারা এক রাতের জন্যও আলাদা থাকেননি। স্বামী-স্ত্রীর মধ্যে যেমন স্বাভাবিক খুনসুটি বা ঝগড়া থাকে, তাদের মধ্যেও তা হয়েছে। তবে কখনোই সেই দ্বন্দ্ব সম্পর্ক ভাঙনের দিকে যায়নি বলে স্পষ্ট করেন অভিনেত্রী।

সারিকার ভাষ্য, “এই গুজব কোথা থেকে ছড়িয়েছে, কে ছড়িয়েছে তা আমি জানি না। জানলে হয়তো সমাধান করতে পারতাম। আমি তো স্বামী-সন্তান নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলাম, হঠাৎ এসব গুজব শুনে আমি অবাক হয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের সংসার ভালোই চলছে। এসব গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরকীয়া বা বিচ্ছেদের কোনো বিষয়ই সত্য নয়।”

শেষ পর্যন্ত সারিকার ভাষায়, সময়ই প্রমাণ করবে এই গুঞ্জনের পেছনে কোনো বাস্তবতা আছে কিনা, নাকি সবই নিছক রটনা।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন