সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক অসুস্থ যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, মাঝআকাশে ওই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর পার্শ্ববর্তী কোনো বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হলেও পাইলট তা অমান্য করেছেন। গত ৩১ ডিসেম্বর সংঘটিত এই ঘটনায় ফ্লাইট বিজি ২০১-এর পাইলট আলেয়ার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে।
বিমানটি যখন পাকিস্তানের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছিল, তখনই এই জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। কন্ট্রোল টাওয়ার থেকে যাত্রীর প্রাণ রক্ষার্থে দ্রুততম সময়ে নিকটস্থ কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হলেও পাইলট তা উপেক্ষা করেন। তিনি পার্শ্ববর্তী বিমানবন্দরে না নেমে বরং দীর্ঘ তিন ঘণ্টা সময় ব্যয় করে পুনরায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই সংকটকালীন সময়টুকু ছিল অত্যন্ত সংবেদনশীল। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সুবিধা না পাওয়ায় এবং মাঝআকাশে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে বিমানের ভেতরেই ওই যাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাইলটের এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে কেবল একটি মূল্যবান প্রাণের অবসানই ঘটেনি, বরং আবহাওয়াগত জটিলতায় বিমানটি ওই দিন আর লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে না পারায় সাধারণ যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম জানিয়েছেন যে, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে বিমানের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বিমানের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সংস্থাটির ফ্লাইট সেফটি প্রধান। কমিটির অন্য সদস্যরা হলেন- কাস্টমার সার্ভিসের জেনারেল ম্যানেজার এবং অ্যাকাউন্টস ও প্যাসেঞ্জার রেভিনিউ প্রসেস র্যাপিডের ম্যানেজার। এই কমিটি মূলত খতিয়ে দেখবে কেন পাকিস্তানের আকাশসীমা থেকে পার্শ্ববর্তী কোনো নিরাপদ বিমানবন্দরে না নেমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু ছিল।
এছাড়া সংশ্লিষ্ট যাত্রীর উড্ডয়ন পূর্ববর্তী মেডিকেল ফিটনেস যাচাই করা হয়েছিল কিনা এবং বিমানে থাকা জরুরি জীবনরক্ষাকারী সরঞ্জাম ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সময়মতো প্রয়োগ করা হয়েছিল কি না, সেসব বিষয়ও প্রতিবেদনে গুরুত্ব পাবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট পাইলট ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৪:৫৩ অপরাহ্ণ