রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৩৮ অপরাহ্ণ

পুরো পবিত্র রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতের এই নির্দেশনার ফলে রমজান মাসজুড়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ ও পর্যবেক্ষণ পরে জানা যাবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৫ জানুয়ারি এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।

রিটে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি দীর্ঘদিনের প্রথা ও রীতি রয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, আইন ও স্বীকৃত প্রথার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সে হিসেবে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত সাংবিধানিক ভিত্তিহীন।

এছাড়া রিটে আরও বলা হয়, রমজান মাসে শিশু-কিশোরদের নিয়মিত স্কুলে যাতায়াত ও ক্লাসে অংশগ্রহণ রোজা পালনে তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে, যা ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি এ সময় স্কুল খোলা থাকলে শহরগুলোতে যানজট বেড়ে নগরবাসীর দুর্ভোগও বৃদ্ধি পায়।

নোটিশের কোনো জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হওয়া হয়। শুনানি শেষে আদালত পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন