জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ১:৫০ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলে চলতি জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জুনের দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে সোমবার আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ মাসে দুই থেকে তিনটি ‘মৃদু’ থেকে ‘মাঝারি’ তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তাপপ্রবাহ চলাকালে কিছু এলাকায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এ পূর্বাভাস এমন এক সময় এলো- যখন সোমবার টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলা, রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে বলেন, জুন মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরমধ্যে বর্তমানে চলমান তাপপ্রবাহ অন্তর্ভুক্ত আছে। এ মাসে দেশে বিছিন্নভাবে একাধিক তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে ‘মৃদু তাপপ্রবাহ’ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় ‘মাঝারি’ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে ‘তীব্র তাপপ্রবাহ’ বলা হয়।

তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে সেটিকে ধরা হয় ‘অতি তীব্র তাপপ্রবাহ’।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আবওহাওয়া অধিদপ্তর জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ফলে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকতে পারে।

জুনে বঙ্গোপসাগরে একটি থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকার কথা তুলে ধরে তিনি বলেন, এর মধ্যে একটি পরিণত হতে পারে মৌসুমী নিম্নচাপে। মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার বিস্তার থাকবে। এ মাসে দেশে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ও হতে পারে।

জুন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীর পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন