৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার ২

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ১১:৪২ অপরাহ্ণ

রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মাদক কারবারের অভিযোগে রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ইনফরমার ওয়াসিম (২৪)।

এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দুজন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম এ থানায় অনিয়মিত হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি গ্রেফতারের বিষয়টি আমরাও শুনেছি।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন