এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৫:১৫ অপরাহ্ণ

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে একদল বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে একদল বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা। পুলিশকে পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ জানাতে কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এই বিক্ষোভের ডাক কারা দিয়েছিল তা উল্লেখ করেনি পিটিআই বা দ্য হিন্দু। তবে ভিডিওতে দেখা গেছে, একদল লোক গেরুয়া রঙের পতাকা হাতে উত্তেজিত হয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এ ছাড়া গতকাল সোমবার পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়।

ব্যারিকেড ভেঙে হামলা

এর আগে, আজ মঙ্গলবার সকালের দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং ‘ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে’ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এর আগে ২০ ও ২১ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে বিক্ষোভ করে একদল লোক।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন