বিতর্কিত মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এনফোর্সমেন্ট অভিযানে পাওয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী ও এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। সৈয়দ গাউসুল আলম গ্রে এডভারটাইজিং বাংলাদেশের সাবেক স্বত্বাধিকারী এবং বর্তমানে ট্রান্সকম গ্রুপের ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক।
অন্যদিকে, ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হন।
দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযানটি পরিচালিত হয়। সংগৃহীত নথি ও তথ্য পর্যালোচনার পর তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ৯:২৯ অপরাহ্ণ