দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারপতি: মন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ১১:৩৯ অপরাহ্ণ

ঢাকার বাইরে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তবে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রধান বিচারপতি প্রয়োজনবোধে দেশের অন্য যেকোনও স্থানে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন বলেও জানান তিনি।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা জানতে চান, দেশের বিভাগভিত্তিক হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনও পরিকল্পনা রয়েছে কিনা। থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে এবং না থাকলে এর কারণ কী।

জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১০০ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে সুস্পষ্ট বিধান রয়েছে। ওই অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানীতে অবস্থিত। তবে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রধান বিচারপতি প্রয়োজনবোধে দেশের অন্য যেকোনও স্থানে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন।

তিনি আরও বলেন, বিভাগওয়ারী হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়টি ইতোমধ্যে আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলায় আপিল বিভাগ নিষ্পত্তি করেছে। ওই রায়ে ঢাকার বাইরে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন