বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৩:০৪ অপরাহ্ণ

টানা ভারী বর্ষণ ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

একই সঙ্গে এ সময় জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের প্রবেশ এবং ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন