বেগম জিয়ার সঙ্গে অসদাচরণ, শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ১:২১ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের সময় অসদাচরণের অভিযোগে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের ৩ নারী অতিরিক্ত ডিআইজি। তাদের মধ্যে একজন কর্মরত আছেন ডিএমপিতে, একজন সিআইডিতে এবং আরেকজন নৌপুলিশে। আজ বৃহস্পতিবার তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

এছাড়া আওয়ামী লীগের প্রতি আনুগত্য, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মে সহযোগিতা, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আরও ১৭ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য এরই মধ্যে প্রস্তাব পাঠিয়েছে। সেখানে রয়েছেন ৩ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি, ১ জন পুলিশ সুপার (এসপি) এবং ১জন উপপুলিশ কমিশনার।

বর্তমানে সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা এবং নৌপুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম সম্পর্কে নথিতে উল্লেখ করা হয়েছে, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনেহিঁচড়ে বাসা থেকে উচ্ছেদ করেন।

জেসমিন সম্পর্কে নথিতে তাকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ এবং দুর্নীতিপরায়ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে যোগাযোগের জন্য সরকারি নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।

রেবেকা সুলতানার বিষয়ে নথিতে বলা হয়েছে, তার মাধ্যমে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য পলাতক আওয়ামী লীগের নেতাদের কাছে যাচ্ছে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন- ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ওয়ালিদ হোসেন ও সানা শামীনুর রহমান।

এছাড়া অতিরিক্ত ডিআইজি এ কে এম ইকবাল হোসেন, মোহাম্মদ তবারক উল্লাহ, মোহাম্মদ সারোয়ার হোসেন, বিধান ত্রিপুরা, সহেলী ফেরদৌস, ফয়সাল মাহমুদ, হাসিনা রহমান, কানিজ ফাতেমা ও সুলতানা নাজমা হোসেন এবং পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী ও উপপুলিশ কমিশনার হাবিবুর রহমানও বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন