বিটিভিকে আরও আধুনিক ও মর্যাদাপূর্ণ টেলিভিশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) নবনিযুক্ত মহাপরিচালক কাজী জেসিন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে একটি সাক্ষাতের পর আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, “তিনি বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি অতীতেও ক্রেডিবিলিটি না থাকার কালিমায় দর্শক হারিয়েছে, যে প্রতিষ্ঠানটিতে এমনকি গন-অভ্যুত্থানের পরও কোনও পরিবর্তনের সূচনা হয় নি— সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ্যানেল হিসেবে দেখতে চান।”
কাজী জেসিন লিখেছেন, “বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু ‘নয়া বন্দোবস্ত’-এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন।”
“মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিটিভি নিয়ে তাঁর পরিকল্পনা শুনে আমি সত্যিই অভিভূত। বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।”
বিটিভির এই মহাপরিচালক লিখেছেন, “কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি। বিটিভির উন্নয়নে তিনি সকলের শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন।”
উল্লেখ্য, গত ৬ই আগস্ট কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশনে মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান এই উপস্থাপিকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৯:২৩ অপরাহ্ণ