এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের পৃথক অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই কর্মকর্তা হলেন এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং যুগ্ম পরিচালক বদরুল আহমেদ।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার দুই কর্মকর্তার বিদেশযাত্রা বন্ধের আবেদন পৃথকভাবে আদালতে দাখিল করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্ত সাবেক দুই কর্মকর্তা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। অনুসন্ধান বা তদন্ত চলাকালে তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বা সম্পদ উদ্ধারে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে অনুসন্ধান ও তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি এবং নিজের পদ ও প্রভাব ব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে দুদকে অনুসন্ধান চলছে।
অন্যদিকে এনএসআইয়ের সাবেক যুগ্ম পরিচালক বদরুল আহমেদের বিরুদ্ধে অর্থপাচারের একটি সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত চলমান রয়েছে বলে আদালতকে জানানো হয়।
আদালতে দেওয়া আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা বিদেশে চলে গেলে তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান ও তদন্ত ব্যাহত হওয়ার পাশাপাশি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ উদ্ধারের প্রক্রিয়াও কঠিন হয়ে পড়তে পারে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে আইনি নিষেধাজ্ঞা আরোপ জরুরি।
আদালতের আদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৮২৪/২০২১-এর ২০২১ সালের ১৬ মার্চের রায়ের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। ওই নির্দেশনা অনুসরণ করে দুদকের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আদালতে আবেদন করা হয়।
আদালত আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তা মঞ্জুর করেন। একই সঙ্গে দুই সাবেক কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।



আপনার মতামত লিখুন