‘ইতিহাস’ থেকে ‘শিরোনাম’, নতুন সিনেমায় কাজী মারুফ
দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ। এবার শুধু অভিনয় নয়, পরিচালনার দায়িত্বও সামলাবেন তিনি। নতুন সিনেমাটির নাম ‘শিরোনাম’। দেশের সাম্প্রতিক ঘটনা, রাজনীতি ও নানা বাস্তবতা ঘিরে তৈরি হবে এর গল্প।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কাজী মারুফ। সেখান থেকেই বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টারে রক্তের মধ্যে পড়ে থাকা তিনটি সংবাদপত্র দেখা গেছে। সেগুলোর শিরোনামে উঠে এসেছে রাজনৈতিক সংকট, সীমান্তে উত্তেজনা এবং দেশজুড়ে বিক্ষোভের মতো বিষয়।
পোস্টার থেকেই সিনেমাটির গল্পের সম্ভাব্য প্রেক্ষাপট সম্পর্কে ধারণা পাওয়া গেলেও ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে কাহিনি এগোবে, তা এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা। কাজী মারুফের ভাষ্য, সিনেমাটিতে সাম্প্রতিক কিছু ঘটনার ছায়া থাকলেও এটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়। বাস্তবতা ও কল্পনার মিশেলেই এগোবে গল্প।
‘শিরোনাম’ সিনেমার শুটিং হবে বাংলাদেশে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ নিজেই। তবে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দেশে ফিরে নায়িকা, অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নির্বাচন করবেন তিনি।
আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার। এরপরই সিনেমার অভিনয়শিল্পী নির্বাচন ও শুটিংয়ের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ‘গ্রীন কার্ড’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী মারুফ। ওই সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও স্বপ্নের গল্প তুলে ধরা হয়েছিল সিনেমাটিতে।
‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কাজী মারুফ। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে তাঁর প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার ‘শিরোনাম’-এ সমসাময়িক বাস্তবতার গল্প কীভাবে পর্দায় তুলে ধরেন এই অভিনেতা ও নির্মাতা, সেটিই দেখার অপেক্ষা।


