কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬ ১০:০৬ এএম
কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

জাতীয় নির্বাচনে জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যাদের প্রার্থী করা হয়েছে, তাদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সামনে সিটি নির্বাচনে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দিনরাত কাজ করতে হবে। জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। সেসব পর্যালোচনা করে এবার কাজ করলে একই ভুলের পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, দেশের জনগণই ঠিক করবে, কারা দেশ পরিচালনা করবে। তিনি আল্লাহর কাছে সবার প্রতি রহমত ও সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবার সুবিধাসম্পন্ন নাগরিক সেবা অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এতে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, মোবারক হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...