প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনিয়াকে অভিশংসন, গ্রেপ্তারের পর গৃহবন্দি

অনলাইন নিউজ ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬ ১০:২৮ এএম
প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনিয়াকে অভিশংসন, গ্রেপ্তারের পর গৃহবন্দি

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট আর্থিক সংকট ও নানা অনিয়মের অভিযোগে শুক্রবার ( ৬ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি নিউজ।

এর আগে শুক্রবার সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন পেনিয়াকে অভিশংসনের পক্ষে ভোট দেন। একজন সদস্য ভোটের সময় অনুপস্থিত ছিলেন। পেনিয়ার নিজ দলের কয়েকজন আইনপ্রণেতাও তার অপসারণের পক্ষে অবস্থান নেন। পরে সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ জানান, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অভিযোগের মুখে বৃহস্পতিবার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন পেনিয়া। তবে তার প্রস্তাব গ্রহণ না করে অভিশংসন ও অসদাচরণের অভিযোগে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতা হারানোর পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার আজীবন সিনেট সদস্যপদ ও দায়মুক্তির সুবিধাও বাতিল হবে।

অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, পেনিয়া স্বার্থের সংঘাত সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রক সংস্থার তদারকি কার্যক্রমে প্রভাব বিস্তার করেছেন, পেনশন তহবিলের অর্থ অন্য খাতে সরিয়েছেন এবং কেন্দ্রীয় ব্যাংককে ঘিরে অনিয়ম আড়াল করার প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায় যুক্ত ছিলেন।

এদিকে বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে সুবিধা আদায় এবং তহবিল আত্মসাতের অভিযোগে শনিবার পেনিয়াকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি সিলভিয়া মার্গারিটা গনজালেজ ভেস্টার।

পেনিয়ার ক্ষমতাচ্যুতির পর ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আলিয়ানা আশ্বাস দিয়েছেন, আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে।

পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
চলতি সপ্তাহের শুরুতে ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের পতন এবং প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সেটি জব্দ করার সিদ্ধান্তে দেশজুড়ে তীব্র সংকট দেখা দেয়। ব্যাংকটির গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ, যা দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। প্রতিষ্ঠানটিতে সাধারণ মানুষের সঞ্চয়ের পাশাপাশি পেনশন ও সরকারি বিভিন্ন তহবিলের অর্থও জমা ছিল।

ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ গ্রাহক নিজেদের আমানত ও পেনশনের অর্থ উত্তোলন কিংবা ব্যবহারের সুযোগ হারান। এ ঘটনায় রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন।

উল্লেখ্য, গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের শেয়ার ছিল পেনিয়ার হাতে। তবে তার বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পেনিয়া জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জনগণ তার ওপর যে আস্থা রেখেছিলেন, সেই বিশ্বাস ভঙ্গ করা তার উদ্দেশ্য ছিল না।

২০২৩ সালের নির্বাচনে রক্ষণশীল কলোরাডো পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন পেনিয়া। নির্বাচনে তিনি মধ্য-বামপন্থী এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। অন্যদিকে সাংবিধানিক ধারাবাহিকতায় পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার অবস্থানে থাকা ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ থেকে সরে এসেছে ক্ষমতাসীন দল।

এদিকে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...