ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, বিজ্ঞপ্তি দিয়ে ডিসি অপসারণে আলটিমেটাম

অনলাইন নিউজ ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬ ১০:২৩ এএম
ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, বিজ্ঞপ্তি দিয়ে ডিসি অপসারণে আলটিমেটাম

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখায় জেলা প্রশাসকের অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জেলা ছাত্রদল।

শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি রাখা হয়নি। এ ছাড়া এক বক্তা বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেন।

ব্যানারে জিয়ার ছবি না থাকায় জয়পুরহাটে হট্টগোল, তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর
এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণের দাবি জানানো হয়েছে। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে শনিবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে প্রথমে অসন্তোষ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে ব্যানারে তার ছবি সংযুক্ত করে অনুষ্ঠান শুরু করা হলেও এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...