জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চলচ্চিত্র নির্মাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। কিন্তু প্রচুর ভিড় ও ডাক্তারের বিধি নিষেধ থাকার কারণে তিনি ভেতরে ঢুকতে পারেননি। তারপরও তিনি এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করেছেন।
শনিবার (২ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসব তথ্য জানান।
‘চারিদিকে সুখবর’ শিরোনামে করা এপিসোডে ডা. শফিকুর রহমানকে নিয়ে তার আবেগঘন কথা তুলে ধরেন।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী বলেন, মন থেকে খুব টানছিল যে, ওই হাসপাতালে যাই। আমি বেলা ১১টার দিকে গিয়েছি সেখানে। ভেতরে ঢুকা সম্ভব না। কী কারণে আমাকে ঢুকতে দেবে? যাওয়ার পেছনে কারণ একটাই, একটা ফিলিংস কাজ করছিল। জানতাম, আমি ঢুকতে পারব না। তারপরও গিয়েছি। হাসপাতালের বাইরে কিছুক্ষণ ঘুরাঘুরি করে চলে এসেছি।
তিনি বলেন, মন যা বলে তা করতে হয়। মনের কথা রাখলাম। তাই ওখানে গিয়ে ঘুরে এলাম।
বাসায় এসে টিভির সামনে (ডা. শফিকুর রহমানের অপারেশনের আপডেট শোনার জন্য) অপেক্ষা করছিলাম, হঠাৎ দেখলাম ডা. জাহাঙ্গীর কবীর সাহেব টিভি পর্দায় চলে এলেন। যখন তিনি হাসতে হাসতে বসলেন তখনই বুঝে গেলাম, অপারেশন সাকসেসফুল।
মালেক আফসারী বলেন, ডা. শফিকুর রহমান স্যারের জন্য সবাই দোয়া করছিলেন। শুধু জামায়াতের লোকজন নয় সবাই দোয়া করছিলেন। তিনি সবার কাছেই জনপ্রিয়। সব দলের মানুষই তাকে ভালোবাসেন। কিন্তু রাজনীতির কারণে অনেকেই মুখ ফুটে বলেন না, রাজনীতির ব্যাপার স্যাপার তো!


