ঘাটাইলে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, বড়ভাই ও ভাবি গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬ ৩:৩৮ পিএম
ঘাটাইলে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, বড়ভাই ও ভাবি গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই মো. লেবু (৫৫)-কে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে আপন বড়ভাই মো. মালেক ভান্ডারী (৬০) ও তাঁর পরিবারের বিরুদ্ধে। পরে চিকিৎসাধীন অবস্থায় লেবুর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান দুই আসামি বড়ভাই মালেক ভান্ডারী ও তাঁর স্ত্রী লাভলীকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২ জুন বিকেলে ঘাটাইল থানার বীরচারী গ্রামে পারিবারিক বিরোধের জেরে মালেক ভান্ডারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ভাই লেবুর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ৪ জুন ঘাটাইল থানায় মামলা হয়। মামলায় প্রথমে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়। পরে মামলায় ৩০২ ধারা (হত্যা) সংযুক্ত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার সন্ধ্যায় ঘাটাইলের কাজীপাড়া এলাকা থেকে মালেক ভান্ডারী এবং শাহাপুর পাতালিপাড়া এলাকা থেকে তাঁর স্ত্রী লাভলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...