সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার ভাইয়ের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার অবরুদ্ধ

অনলাইন নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫ ১:৩৪ পিএম
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার ভাইয়ের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার অবরুদ্ধ

মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা শেয়ারের মালিক- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে, অভিযুক্তরা অবৈধ অর্থের মাধ্যমে এসব শেয়ার ক্রয় করেছিলেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ১৮ নভেম্বর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার জব্দের আদেশ দিয়েছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, অভিযুক্তদের বিভিন্ন ব্যক্তিগত হিসাব এবং তাদের কাগুজে প্রতিষ্ঠান স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের নামে ৪ কোটি ৫৩ লাখ শেয়ার কেনা হয়েছিল। পরে স্টক ডিভিডেন্ডসহ মোট শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫-এ উন্নীত হয়েছে। শেয়ারের প্রাথমিক বাজারমূল্য ছিল প্রায় ৫৯ কোটি ৯৫ লাখ টাকা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অবৈধ অর্থ অর্জন করেছেন। এই অর্থের একটি অংশ বিদেশে পাঠিয়ে পুনরায় দেশে বৈধ করার চেষ্টা করা হয়। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুর ও দুবাই থেকে ২ কোটি ২২ লাখ ৫ হাজার ৪৪৪ মার্কিন ডলার দেশে আনা হয়। পরে ওই অর্থ ইউসিবি ব্যাংক ও এনআরবিআইসি ব্যাংকের এফসি অ্যাকাউন্টে জমা হয় এবং মেঘনা ব্যাংকের শেয়ার ক্রয়ে ব্যবহার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের পরিচালক উৎপল পালক এবং নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল অভিযুক্ত জাবেদের আরামিট গ্রুপের কর্মচারী এবং ঘনিষ্ঠ সহযোগী। সিআইডি এখনও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য সদস্য শনাক্তকরণের জন্য অনুসন্ধান অব্যাহত রাখছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...