প্রকাশ্যে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুলাধনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান বলেন, ভুক্তভোগী হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু সাধারণ ডায়েরী করলে আজ (২৮ ফেব্রুয়ারী) শনিবার সকাল ১০ টায় রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে ‘ভয়ভীতি ও চাঁদা দাবি’ মামলা রেকর্ড করা হয়। মামলা নং- ১৮, ২৮/০২/২৬। এরই প্রেক্ষিতে গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুলাধনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাকিবুর রহমান রাজাকে গ্রেফতারের পরপরই নাটোর পুলিশ সুপারের নির্দেশে তাকে ডিবি পুলিশের মাধ্যমে নাটোরে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হাট-বাজার ইজারা দিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। তারা দুজনেই হাট-বাজার ইজারায় উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে ছিলেন। ১৪ হাজার টাকা মূল্যের হাটটি সর্বোচ্চ ২১ হাজার টাকায় ইজারা পান তপু।
এতে ক্ষুব্ধ হয়ে ইজারা শেষে উপজেলাপরিষদের সামনে প্রকাশ্যে চাঁদা দাবি করে হুমকি দেন রাকিবুর রহমান রাজা। এই ঘটনার পর গত(২৭ফেব্রুয়ারি) শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুরুদাসপুর উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে থানার ওসি শফিকুজ্জামান দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারাদার ওবায়দুল ইসলাম (তপু) সহ ৮ থেকে ১০ জন দাঁড়িয়ে আছেন।
এ সময় হালকা গোলাপি রঙের গেঞ্জি পরা এক যুবক হাত উঁচিয়ে ওবায়দুল ইসলামের দিকে তেড়ে আসেন। সবার সামনেই তিনি তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে মাটিতে শুইয়ে ফেলবেন বলে হুংকার দেন। তিনি গালাগাল করতে থাকলে ওসি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বিদায় করে দেন।



আপনার মতামত লিখুন