যুদ্ধ শেষ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নয়: ইরান
যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আরও বিস্তৃত শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া জবাব পর্যালোচনা করছে তেহরান।
বুধবার তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রানিয়া কাসেমির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে এখন কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে স্পষ্ট করেছে ইরান। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়নের পর, অথবা অন্তত ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র মেনে নিলে এ বিষয়ে আলোচনা শুরু হতে পারে।
তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নজরদারির অধীনে ছিল। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল একাধিকবার দেশটির পরমাণু স্থাপনায় বেআইনিভাবে হামলা চালিয়েছে।
আইএইএর প্রতিবেদন নিয়ে ইরানের অভিযোগ
ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নিজেদের সদিচ্ছা এবং পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র প্রমাণে তারা প্রস্তুত ছিল। তবে তেহরানের অভিযোগ, আইএইএর প্রতিবেদন রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট। এসব প্রতিবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলার অজুহাত পেয়েছে বলেও দাবি করেছে ইরান।
ইরানের নেতৃত্বের অবস্থান অনুযায়ী, যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরই পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে।


