টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে ২ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও একই এলাকার আয়নালের ছেলে রুবেল (২৩)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, মামলার বাদী (যৌন নিগ্রহের শিকার শিশু) পরিবারের অমতে তাঁর প্রেমিককে বিয়ে করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে তিনি তাঁর স্বামীর সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে যান। সে সময় আসামিরা তাঁর স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাঁর ওপর পালাক্রমে যৌন নিগ্রহ চালান।
ওই ঘটনার ছয় দিন পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।


