আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

অনলাইন নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬ ১১:১৩ এএম
আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে হাজির হন।

আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৪ নভেম্বর ব্যারিস্টার ফুয়াদের সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি সেদিন হাজির হতে পারেননি। পরে আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করা হলে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করে।

এর আগে গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ফুয়াদকে তলব করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানিয়েছেন, এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...