অনলাইন জুয়া খেলতে নিষেধ করায় শিক্ষককে হত্যা, প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬ ৮:৩৭ পিএম
অনলাইন জুয়া খেলতে নিষেধ করায় শিক্ষককে হত্যা, প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার প্রতিবাদ করায় কলেজশিক্ষক আরিফুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যার মামলার দ্বিতীয় আসামি হাসান আলীকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান আলী লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (শিংঙ্গীমারী) গ্রামের জয়নাল হকের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

শুক্রবার (৯ অক্টোবর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি অভিযুক্তদের এ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলতেন কলেজশিক্ষক আরিফুল ইসলাম। জুয়া বন্ধ না করলে পুলিশকে বিষয়টি জানাবেন বলেও সতর্ক করেছিলেন তিনি।

এসআরবির তথ্য অনুযায়ী, এর জেরে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২ আগস্ট নিহত শিক্ষকের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

এসআরবি জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১৪-এর সিপিসি-২ কিশোরগঞ্জের একটি যৌথ দল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেপ্তার করে।

এর আগে গত ১২ আগস্ট এ মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার হাসান আলীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...