মেসিকে ছাড়া নতুন আর্জেন্টিনার যাত্রা, নভেম্বরে খেলছে ২ দলের সঙ্গে

অনলাইন নিউজ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬ ৯:৩৮ এএম
মেসিকে ছাড়া নতুন আর্জেন্টিনার যাত্রা, নভেম্বরে খেলছে ২ দলের সঙ্গে

লিওনেল মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের পরবর্তী ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এই নতুন পথচলা।

আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) বুয়েনস এইরেসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও দুবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের মধ্যকার রিও দে লা প্লাতা ডার্বি।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ম্যাচটি আয়োজনের জন্য এগিয়ে রয়েছে বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী মাঠ লা বোম্বোনেরা। তবে বিকল্প হিসেবে রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো। সংস্কারকাজ চলায় স্টেডিয়ামটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। নভেম্বরের শেষ দিকে সেখানে আর্জেন্টিনার নারী দলের জার্মানির বিপক্ষে খেলার কথা রয়েছে।

এরপর ১৭ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে নিজেদের সর্বশেষ সফরে একই শহরে বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রেখেই বছরের শেষ ফিফা উইন্ডো শেষ করতে চাইবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দলের জন্য এই দুটি ম্যাচের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলে জাতীয় দল থেকে চিরবিদায় নেন মেসি। আবেগঘন সেই বিদায়ের পর এবার তাকে ছাড়াই অন্য সতীর্থদের পথচলা শুরু। তাই এখন কেমন করে দলটি, তা দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।

এদিকে মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে নতুন নেতৃত্বে দলকে সাজানোর সুযোগ পাবেন কোচ লিওনেল স্কালোনি।

আসন্ন ক্যাম্পে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন নিয়েও অগ্রগতি হতে পারে। বেনিনের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব।’

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটি স্কালোনিকে নতুন খেলোয়াড় ও বিভিন্ন কৌশল পরীক্ষা করার সুযোগ দেবে। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ধাপ শুরুর আগে দলের সম্ভাব্য একাদশ ও কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ধাপ ২০২৭ সালের মার্চে শুরু হওয়ার কথা। তবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...