ঘাটাইলে ১৮ ড্রাম চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

অনলাইন নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬ ৬:১১ পিএম
ঘাটাইলে ১৮ ড্রাম চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুণগ্রাম মুচিবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

ঘাটাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আস্তানা থেকে ১৮টি প্লাস্টিকের ড্রামভর্তি দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে দেশীয় মদ তৈরি, বোতলজাত ও সরবরাহ করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা মদ আইনগত প্রক্রিয়া শেষে ঘটনাস্থলে জনসমক্ষে ধ্বংস করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখছেদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘাটাইলকে মাদকমুক্ত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

গ্রেপ্তার তিনজনকে শনিবার (২৪ অক্টোবর) সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...