তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর
জামালপুরে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (১ নভেম্বর) বিকেলে জেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার মাইচপাড়া এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার মাইচপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই নারী রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


