সর্বজনীন পেনশন প্রচারে এনজিওগুলোর সহযোগিতা চায় কর্তৃপক্ষ

অনলাইন নিউজ ডেস্ক
০২ নভেম্বর ২০২৬ ৭:২০ পিএম
সর্বজনীন পেনশন প্রচারে এনজিওগুলোর সহযোগিতা চায় কর্তৃপক্ষ

সর্বজনীন পেনশন স্কিমের আওতা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে এ বিষয়ে সচেতনতা তৈরিতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা চেয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ভবনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন এমআরএর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন এমআরএর পরিচালক আব্দুল মান্নান। এ ছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান বক্তব্য দেন।

সভায় দেশের অর্ধশতাধিক বৃহৎ এনজিওর প্রতিনিধি, অর্থ বিভাগ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং এমআরএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন ব্যবস্থাকে নাগরিকদের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি এনজিওগুলোর কর্মকর্তা-কর্মচারীদের এ স্কিমে নিবন্ধনের পাশাপাশি তাদের মাঠপর্যায়ের কার্যক্রম ও উপকারভোগীদের সঙ্গে বিদ্যমান যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, এনজিওগুলো দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে। তাই তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বজনীন পেনশন সম্পর্কে তৃণমূল পর্যায়ে তথ্য পৌঁছানো এবং আরও বেশি মানুষকে এ ব্যবস্থার আওতায় আনা সম্ভব।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন অংশগ্রহণকারী অতিথি ও প্রতিনিধিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রসার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম, নিবন্ধন প্রক্রিয়া, বিভিন্ন স্কিমের বৈশিষ্ট্য এবং এনজিওগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় এনজিও প্রতিনিধিরা তাঁদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভা সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রসার, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সব শ্রেণি-পেশার মানুষের দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...