নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, বিদ্যুৎহীন পুরো পৌর শহর
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের নরসুন্দা নদীর ওপর আচারগাঁও ব্রিজে পাটখড়ি (পাটশোলা) ভর্তি একটি চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে পুরো পৌর শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে শহরজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাটখড়িভর্তি ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া থেকে নান্দাইল বাজার হয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বাজারের দিকে যাচ্ছিল। পথে নান্দাইল বাজার এলাকায় সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে ট্রাকের ওপর থাকা পাটখড়ি আসে। এতে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। চলন্ত ট্রাকের বাতাসে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাড়ি জ্বলতে থাকে।
আগুন লাগা অবস্থায় ট্রাকটি আচারগাঁও ব্রিজে পৌঁছালে স্থানীয় লোকজন চিৎকার করে চালককে গাড়ি থামাতে বলেন। পরে এলাকাবাসী পাশের নরসুন্দা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
•
তবে আগুনে ট্রাক ও এর ভেতরে থাকা পাটখড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার কারণে পুরো পৌর শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নান্দাইল পৌর শহরের বাজার এলাকার ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে যাওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাঁদের দাবি, গত এক সপ্তাহের ব্যবধানে নান্দাইল পৌর বাজারের মধ্য বাজার এলাকায় পাটখড়িভর্তি আরেকটি ট্রাকে একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
একের পর এক এমন ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁরা বাজারের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত অপসারণ অথবা নিরাপদ উচ্চতায় স্থানান্তরের দাবি জানিয়েছেন।


