টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

অনলাইন নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬ ৭:২৩ পিএম
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখা ও দেলদুয়ার উপজেলা শাখায় এ ঘটনা ঘটে বলে বাসাইল ও দেলদুয়ার থানার ওসি জানিয়েছেন। তবে দুটি শাখাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বরাতে পুলিশ জানায়, উপজেলা পরিষদ সংলগ্ন বাসাইল স-মিল এলাকায় দ্বিতীয়তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচ তলার দরজায় পেট্টোল দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ে ভবনটির দুইটি দরজা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন দেওয়ার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে দেলদুয়ার গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় বারান্দাসহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরণের ক্ষতি হয়নি। দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, গ্রামীণ ব্যাংকের সামনের গেটে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

দেলদুয়ার ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।

দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো পেট্রোল ঢেলে আগুন দেয়। সঙ্গে সঙ্গেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তারলাভ করতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এই ঘটনায় বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ কোনো অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...