স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে / একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু…কিংবদন্তি শিল্পী ও গীতিকার ভূপেন হাজারিকার কালজয়ী সেই গানকেই বাস্তবে রূপ দিল বরিশালের এক স্কুলশিক্ষিকা।
স্বামীর প্রতি ভালোবাসার প্রতিদানস্বরূপ জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন মন্দিরা রানী পাল ।
মন্দিরা রানী পাল পেশায় একজন স্কুল শিক্ষক। বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তিনি। কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি।
মঙ্গলবার ভারতের দিল্লির একটি হাসপাতালে ওই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েও সুস্থ হচ্ছিলেন না । দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুদাম পালকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসক। নিজের ভালোবাসার মানুষটিকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী নিজের একটি কিডনি দানের সাহসী সিদ্ধান্ত নেন।
শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হন। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনিদাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।
বর্তমানে ভারতে অবস্থানরত মন্দিরা রানীর ভাই সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে হাসপাতালটিতে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।
এদিকে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে ব্যাপক প্রশংসা পান মন্দিরা রানী পাল। শিক্ষক দম্পতির এমন ভালোবাসা ও আত্মত্যাগকে অনেকেই ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।


