গাজীপুরে দৈনিক প্রভাত প্রতিদিন’র সাংবাদিককে লাঞ্ছিত

অনলাইন নিউজ ডেস্ক
০৬ জুলাই ২০২৫ ১:০০ পিএম
গাজীপুরে দৈনিক প্রভাত প্রতিদিন’র সাংবাদিককে লাঞ্ছিত

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে টিসিবির পণ্য মজুত ও প্লাস্টিক উৎপাদনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শ্রীপুর থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে এ তথ্য জানান দৈনিক প্রভাত প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি মোঃ আল আমিন।

অভিযোগে বলা হয়, শনিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে শ্রীপুরের নিজ মাওনা এলাকায় নিউ গোল্ডেন অ্যাগ্রো ডার্গ লিমিটেড নামক কারখানায় অবৈধ টিসিবি পণ্য মজুত এবং নিষিদ্ধ প্লাস্টিক উৎপাদনের অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি সহ ৭-৮ জন সংবাদকর্মী ঘটনাস্থলে যান। কারখানার গোডাউনে ঢুকে কিছু টিসিবি পণ্যের বস্তা দেখতে পান তারা। বিষয়টি জানতে চাইলে ২ নম্বর বিবাদী উজ্জ্বল (৩৮) ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ সময় সাংবাদিকরা লক্ষ্য করেন, টিসিবির পণ্য সরিয়ে সেখানে অন্য পণ্য রাখা হয়েছে। পরে সাংবাদিকরা কারখানা ত্যাগ করে মেইন গেটের দিকে গেলে ৩ নম্বর বিবাদী রফিকুল ইসলামের (৫০) নির্দেশে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ও অন্যান্য বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং বিভিন্ন অপবাদ দেয়।

এ সময় ঘটনাস্থলে প্রতিবাদ করলে আল আমিনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। ১ নম্বর বিবাদী ‘প্রকাশ’ তার মাথার বাম পাশে ঘুষি মারেন, যার ফলে তিনি প্রচণ্ড ব্যথায় কাতর হন। পরে আরও সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই সময় ১ নম্বর বিবাদী তাকে গুলি করে হত্যার হুমকি দেন। পরে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার সহকর্মীরা।এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...