ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, পাইলটের শেষ কথা ‘আমরা আছড়ে পড়তে যাচ্ছি’

অনলাইন নিউজ ডেস্ক
০২ নভেম্বর ২০২৬ ৩:০২ পিএম
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, পাইলটের শেষ কথা ‘আমরা আছড়ে পড়তে যাচ্ছি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ৯ জন আরোহী নিয়ে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার দুপুরে ব্যস্ত সড়কের পাশে বাড়িঘরের কাছেই এ দুর্ঘটনা ঘটে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন।

দুর্ঘটনার আগে বিমানের পাইলটদের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে বিপদের ভয়াবহ চিত্র উঠে এসেছে। শেষ মুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে যাচ্ছি।’

যাত্রীর ধারণ করা একটি ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। বাহামাগামী বিমানটি আকাশ থেকে দ্রুত নিচে নেমে সড়কের পাশে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। দুর্ঘটনাস্থলে সড়কের ওপর বড় গর্ত তৈরি হয়। চারপাশে ছড়িয়ে পড়ে পিচ ও কংক্রিটের টুকরো। জ্বলতে থাকে আগুনের শিখা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি আবাসিক এলাকার বাড়িঘর থেকে মাত্র কয়েক ফুট দূরে এবং সড়কে চলাচলরত যানবাহনের খুব কাছাকাছি আছড়ে পড়ে।

পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে বিধ্বস্ত হয়। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন। দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একটি দল পাঠাচ্ছে বলেও জানান তিনি।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, বিমানের বাইরে থাকা কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি একটি বিধ্বংসী উড়োজাহাজ দুর্ঘটনা। মনে হচ্ছিল, আকাশ থেকে কোনো ক্ষেপণাস্ত্র নেমে আসছে। দুর্ঘটনায় সড়কের পাশে বেশ বড় একটি গর্ত তৈরি হয়েছে।’

দুর্ঘটনার দিন ওই অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, অতিবৃষ্টির কারণে সোমবার বিকেল পর্যন্ত বন্যার সতর্কতা জারি ছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাহামার দিকে যাচ্ছিল। তবে দুর্ঘটনার সময় এতে কারা ছিলেন এবং ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

খারাপ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা

ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং অনুযায়ী, উড়োজাহাজটি ৩৫ হাজার ফুট বা প্রায় ১১ কিলোমিটার উচ্চতায় পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় পাইলটরা খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজে ঝাঁকুনি ও বরফ জমার কথা জানান। বৃষ্টির কথাও উল্লেখ করেন তাঁরা। পরিস্থিতি মোকাবিলায় আরও ২ হাজার ফুট বা প্রায় ৬১০ মিটার ওপরে ওঠার অনুমতি চান পাইলটরা।

কিন্তু এর কিছুক্ষণ পরই উড়োজাহাজটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট, পরে ২০ হাজার ফুট এবং শেষ পর্যায়ে প্রতি মিনিটে ৩০ হাজার ফুট গতিতে নিচে নামতে থাকে উড়োজাহাজটি।

দুর্ঘটনার কয়েক মিনিট আগে পাইলটরা উড়োজাহাজে বরফ জমা ও প্রচণ্ড ঝাঁকুনির কথা জানিয়েছিলেন। লাইভএটিসি ডট নেটে সংরক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং অনুযায়ী, ঝাঁকুনির কারণে উড়োজাহাজটির উচ্চতা প্রায় ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছিল।

একপর্যায়ে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বলেন, ‘আমাদের উড়োজাহাজে কিছুটা স্বচ্ছ বরফ জমছে, যা নিয়ন্ত্রণযোগ্য। মাঝারি ধরনের ঝাঁকুনিও হচ্ছে।’

তবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। উড়োজাহাজটি আশঙ্কাজনক হারে উচ্চতা হারাতে শুরু করলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সাহায্যের জন্য বিপদসংকেত পাঠান।

রেডিওতে পাইলটকে বলতে শোনা যায়, ‘আমরা ৮ হাজার ফুট নিচে নেমে যাচ্ছি—মেডে, মেডে (জরুরি বিপদসংকেত)। আমরা প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নামছি।’

এরপর তিনি জানান, ‘আমাদের গতিসীমা অতিরিক্ত বেড়ে গেছে এবং আমরা প্রতি মিনিটে ২০ হাজার ফুট নিচে নেমে যাচ্ছি।’

শেষ মুহূর্তে পাইলট বলেন, ‘আমরা মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে যাচ্ছি।’

ভূমিতে আছড়ে পড়ার ঠিক আগে উড়োজাহাজটি মারাত্মকভাবে ডান দিকে হেলে পড়েছিল।

৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে

অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানিয়েছেন, উড়োজাহাজটি ব্যক্তিমালিকানাধীন ছিল। এতে কারা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।

এদিকে দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পাম বিচ কাউন্টি কর্তৃপক্ষ পাশের একটি মোবাইল হোম এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছেন কাউন্টি কর্মকর্তারা।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ফ্লোরিডার গ্রিনএকরস এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। প্রায় ৪৫ হাজার বাসিন্দার এই শহরটি ওয়েস্ট পাম বিচ থেকে প্রায় ৭ মাইল বা ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...