খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তার মৃত্যুতে আগামী বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) হতে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে উক্ত তিনদিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনতিম থাকবে।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার (২ জানুয়ারি) দেশেল সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রাথর্নার আয়োজন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।



আপনার মতামত লিখুন