অপহরণকারীর আস্তানায় ২ বাহিনীর গোলাগুলি, কিশোরী নিহত

অনলাইন নিউজ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬ ১০:৪৫ পিএম
অপহরণকারীর আস্তানায় ২ বাহিনীর গোলাগুলি, কিশোরী নিহত

কক্সবাজার টেকনাফের বাহারছড়া ৯নং ওয়ার্ডের নোয়াখালী এলাকার ফার্ম পাড়ায় গহীন পাহাড়ের পাদদেশে অপহরণকারীর আস্তানায় দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

তাদের ছোঁড়া গুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামের এক কিশোরী গুলিবিদ্ধ হন। তিনি ওই এলাকার ছিদ্দিকের মেয়ে। পরে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর পিতা সিদ্দিক গণমাধ্যমে বলেন, আমরা সন্ধ্যায় বাড়ির উঠানে বসেছিলাম। আমার মেয়ে বাড়ির খাবার পানি সংগ্রহ করে বাইরে থেকে বাড়ির উঠান পর্যন্ত আসলে পাহাড়ের দিক থেকে গুলি এসে আমার মেয়ের গায়ে লাগে। সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাতের আঁধারে কে বা কারা গুলি করেছে তা স্পষ্ট হয়নি। তবে পাহাড়ে অপহরণকারীদের দুই গ্রুপের মধ্যে প্রচুর গোলাগুলি চলছিল। আমি সরকারে কাছে মেয়ে হত্যার বিচার চাই। সঠিক তদন্ত করে কারা পাহাড়ে আজ গোলাগুলি করেছে তা বের করতে হবে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নোয়াখালী পাড়ায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এমন খবর পেয়ে সেখানে আমাদের পুলিশের টিম পাঠিয়েছি। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...