পরীক্ষার হলে নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপককে মারধর

অনলাইন নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৭ পিএম
পরীক্ষার হলে নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপককে মারধর

পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় এক সহকারী অধ্যাপককে শারীরিকভাবে আক্রমণ করার অভিযোগ উঠেছে এক মেডিকেল শিক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষাকক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্য ধারণ হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের কালাবুরাগি জেলায় অবস্থিত ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক কলেজে অভ্যন্তরীণ পরীক্ষাকালীন সময় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীক্ষার দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক শিবরাজকুমার তাঁর প্রতিষ্ঠানের শাহবাজ নামের এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে ধরেন। সে সময় হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ের পরীক্ষা চলছিল।

নকলের অভিযোগে অধ্যাপক শিবরাজকুমার শিক্ষার্থীর উত্তরপত্র জব্দ করেন এবং তাকে পরীক্ষাকক্ষ ত্যাগ করার নির্দেশ দেন। এ সময় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অধ্যাপকের এ পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে শাহবাজ হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে এবং সহকারী অধ্যাপকের ওপর শারীরিকভাবে হামলা চালায়। অন্য শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে শাহবাজকে ধরে ফেলেন এবং তাকে অধ্যাপকের কাছ থেকে সরিয়ে নেন।

তবে সেখানেই ঘটনার সমাপ্তি হয়নি। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, শাহবাজ কিছুক্ষণ পরীক্ষাকক্ষের দরজার দিকে হেঁটে গিয়ে কয়েক সেকেন্ড পর আবার ফিরে আসে এবং পুনরায় অধ্যাপককে আঘাত করে।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শাহবাজের অভিভাবককে বিষয়টি জানায়। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীকে ভবিষ্যতের সব পরীক্ষা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। তবে সহকারী অধ্যাপক শিবরাজকুমার এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...