বিমানবন্দরে ৪ কেজি ‘কুশ’ সহ ভারতীয় আটক, ব্যাগ ফেলে পালাল দুইজন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ংকর মাদক ৪ কেজি ‘কুশ’সহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতের নাম হোসাইন আবদুল কাদের শেখ। তিনি ভারতের কর্ণাটকের বাসিন্দা। তবে আরও ২ ভারতীয় পালিয়ে গেছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের ড. মো. আবু সাঈদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতের ট্রলিব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৩ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। তার পাসপোর্ট, মোবাইল ফোন, ৪০০ ইউএস ডলার, ১৫৫০ থাইল্যান্ডের মুদ্রা বাথ ও ৪০০ ভারতীয় রুপিসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাংলাদেশের কয়েকজনের যোগসাজশে তিনি মাদক ‘কুশ’ নিয়ে ঢাকায় আসেন। ওই ব্যক্তিরাই তার থাকা ও মাদক কারবারির সহযোগীতা করতে চেয়েছিল। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
এদিকে শাহজালাল বিমানবন্দরে ট্রাভেল ট্রলিতে ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ (উচ্চমানের গাঁজা) ও পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়েছে দুই ভারতীয় নাগরিক।
গত মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডিএনসি জানায়, সেদিন বিকেল সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) বিমানবন্দরে অবতরণ করেন। ডিএনসির উপস্থিতি টের পেয়ে তারা দুটি ট্রাভেল ট্রলি ও নিজেদের ভারতীয় পাসপোর্টের ফটোকপি ফেলে দ্রুত সরে পড়েন।
পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রলি দুটি তল্লাশি করে মোট ৪ কেজি ১৮০ গ্রাম কুশ মাদক উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, পলাতক দুই আসামি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার গোন্দলপাড়ার বাসিন্দা। এ ঘটনাতেও বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মতামত লিখুন