ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৪
ময়মনসিংহের পৃথক বজ্রপাতে মো. তোতা মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং চার জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতের বিকট শব্দ ও আতঙ্কে সঙ্গে থাকার আরও দুজন অজ্ঞান হয়ে পড়েন। নিহত তোতা মিয়া ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কৃষক তোতা মিয়া ও তার চাচাতো ভাই আব্দুস সামাদ ও প্রতিবেশী মানিক মিয়া গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান। হঠাৎ আকাশ চমকিয়ে বজ্রপাতে তোতা মিয়া মাটিতে লুকিয়ে পড়ে। বিকট শব্দে সঙ্গে থাকা দুজন অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তোতা মিয়া কে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অজ্ঞান হওয়া আব্দুস ছামাদ (২২) ও মানিক মিয়ার (৩৩) পরে জ্ঞান ফিরে।
স্থানীয় বাসিন্দা আজিজুল খান জানান, তিনজন মিলে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। দুজন জ্ঞান হারিয়ে ফেললেও পরবর্তীতে জ্ঞান ফিরে আসে।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস ছোবহান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তোতা মিয়ার মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা দুজনও অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে তারা সুস্থ হয়ে ওঠেন।
অপরদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলার ভাটিপাড়া গ্রামে দুপুরে মর্জিনা আক্তার (১৮) ও তার শাশুড়ি মিনারা বেগম (৫৫) বাড়িতে ঘরে রান্না করছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই আঘাতপ্রাপ্ত হন। বজ্রপাতের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে দুজনকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসেন জানান, বজ্রপাতের ঘটনায় ২ জন নারী আহত হয়ে হাসপাতালে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে একজনের অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি চলে গেছেন। অপরজনকে ভর্তি করা হয়েছে।


