আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা চলছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের মাধ্যমে নিশ্চিহ্ন করার অভিযোগে যে মামলা করে গাম্বিয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় মামলাটির রায় ঘোষণা করা হবে। যার দিকে অর্ধযুগেরও বেশি সময় ধরে তাকিয়ে, কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা। যারা নিজ দেশে থেকে ৯ বছর আগে হয়েছিল বিতাড়িত।খেলা খবর
অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবন কাটানো রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের সেনারা তাদের বাড়িতে শুধু আগুন দেয়নি, ধর্ষণ ও হত্যা করেছে পরিবারের সদস্যদের। তবে নিজেদের পক্ষে রায় পেলে ফিরতে চান নিজ দেশে।
এ রায়ের বিষয়ে বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গারা বলেন, ‘আমরা এই রায়ে জান্তা জেনারেল ও প্রেসিডেন্টের শাস্তি চাই। মানবিক কারণে বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে। এ জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। তবে আমরা এখানে থাকতে চাই না। আমরা নিজেদের দেশে ফিরে যেতে চাই।’
রোহিঙ্গাদের নেতাদের দাবি, জাতিসংঘের অধীনে চলা আন্তর্জাতিক বিচারিক আদালত-আইসিজেতে উপস্থাপন করা হয়েছে জান্তা সরকারের চালানো গণহত্যা, হত্যা ও নির্যাতনের পর্যাপ্ত তথ্য-প্রমাণ। তাদের আশা, এই মামলার রায়ে অপরাধীদের শাস্তি ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
এদিকে, ইউসিআরের চেয়ারম্যান সৈয়দ উল্লাহ বলেন, ‘এই মামলায় আমরা লাখ লাখ নথি জমা দিয়েছি। পাশাপাশি সাক্ষী ও ভুক্তভোগীদের সাক্ষ্যও জমা দিয়েছি। আমরা আত্মবিশ্বাসী যে রায় আমাদের পক্ষে আসবে।’
মানবাধিকার কর্মীরা বলছেন, রোহিঙ্গাদের কাছে আইসিজের এই মামলা কেবল একটি আইনি লড়াই নয়। বরং দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা। রায়ের মাধ্যমে খুলতে পারে রোহিঙ্গাদের দেশে ফেরানোর পথ।
এই রায় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী তানভিরুল মিরাজ রিপন বলেন, ‘গণহত্যার বিষয়টি যদি স্বীকৃতি পায়, তাহলে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে তাদের প্রত্যাবাসনের একটি পথ তৈরি হতে পারে।’
অন্যদিকে, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহসভাপতি এম বেদারুল আলম বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হয়েছে, তার পক্ষে রায় দেবেন। রোহিঙ্গাদের হত্যার দায়ে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’
আশা প্রকাশ করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘এই রায়কে ঘিরে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আমরা আশা করতে পারি, এ রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গারা নিরাপদে নিজেদের স্বদেশে ফিরে যেতে পারবে। তারা নিরাপদে ফিরে গেলে বাংলাদেশের ওপর যে চাপ রয়েছে, তা কমবে।’
আইসিজের রায়ের সঙ্গে জড়িয়ে আছে, মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপত্তার বাস্তবায়ন।


