পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কবে, কারা পারবেন

অনলাইন নিউজ ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬ ৮:৩৯ পিএম
পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কবে, কারা পারবেন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে এবার কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা ও শারীরিক পরিমাপ

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি। আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি।

অপর দিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, আবেদনপত্রে কোনো প্রকার ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা হলে কিংবা কোনো তথ্য গোপন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ সরাসরি বাতিল করা হবে। পরবর্তী সময়ে চাকরি পাওয়ার পরও যদি প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করে সতর্কতার সঙ্গে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনলাইনে আবেদন শেষ করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...