পরিত্যক্ত কৌটা কুড়িয়ে হাত হারালেন কাঠমিস্ত্রি
গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত কৌটা কুড়িয়ে হাত নেওয়া মাত্র বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নূর মোহাম্মদ নামে এক কাঠমিস্ত্রীর হাতের আঙুল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ি এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ (৩০) ওই গ্ৰামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তাকে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া চলছে।
স্থানীয়রা জানান, শুক্রবার নূর মোহাম্মদ সড়কের পাশে একটি নির্জন জায়গায় যান। সেখানে পরিত্যক্ত একটি রঙিন কৌটার মতো বস্তু দেখে কৌতুহলবশত হাতে নেন। পরে সেটি নিয়ে পাশের একটি মুদি দোকানের বেঞ্চে বসেন। এক পর্যায়ে তিনি বস্তুটির এক প্রান্তে থাকা ধাতব আংটা খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাতের প্রায় সবগুলো আঙ্গুল। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনিরা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায় মাটিতে রক্ত জমে আছে। অনেক মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। হাতবোমার মতো একটি বস্তু বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


