সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?

অনলাইন নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬ ৩:৫৯ পিএম
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?

ক্ষমতায় আসার আট মাসের মাথায় একাধিক রাজনৈতিক, প্রশাসনিক ও আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি সরকার। সংসদে বিরোধী দলগুলোর সমালোচনা, জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার নিয়ে মতপার্থক্য, রাজপথে রাজনৈতিক কর্মসূচি, পোশাকশ্রমিকদের আন্দোলন, শিক্ষাঙ্গনে বিক্ষোভ এবং রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ—সব মিলিয়ে একাধিক ফ্রন্টে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে সরকারকে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল, নেতাকর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ এবং বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা। বিশেষ করে নভেম্বরের শুরু থেকে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে একের পর এক সহিংসতার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে এর দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ক্ষমতায় আসার আট মাসের মাথায় বিএনপি সরকার কি বহুমুখী চাপে পড়েছে?

সংসদে সংস্কার প্রশ্নে বিরোধীদের সঙ্গে টানাপোড়েন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে বিএনপি এবং বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি।

বিএনপির বক্তব্য, সনদের যেসব বিষয়ে বিভিন্ন দলের ভিন্নমত রয়েছে, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে সংস্কার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ এবং বিরোধীদের প্রস্তাবের প্রতিফলনের দাবি উঠেছে।

গত ১ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে না, জাতীয় সনদ বাস্তবায়নেরও বিরোধী নয়। তবে সনদে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট রয়েছে। এসব বিষয়ে রাজপথের কর্মসূচির পরিবর্তে সংসদে আলোচনা হওয়া উচিত।

বিরোধী দলগুলোর বক্তব্য, সংসদে আলোচনার পাশাপাশি রাজপথে কর্মসূচি পালনও তাদের গণতান্ত্রিক অধিকার। ফলে সংসদীয় বিতর্কের বাইরে রাজপথেও বিরোধীদের মোকাবিলা করতে হচ্ছে সরকারকে।

ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ফাইল ছবি

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ

বিএনপি সরকারের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে পোশাকশ্রমিকদের আন্দোলন। ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে ১ নভেম্বর থেকে মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনের একপর্যায়ে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কারখানা ও যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে হয়। বিজিএমইএর হিসাবে, ১ নভেম্বর চারটি শিল্পাঞ্চলের ৫২৯টি কারখানায় কার্যক্রম বিঘ্নিত হয়। কর্মস্থল ছাড়েন প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক।

আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছে সরকার। ২ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা কয়েকজনের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তারা শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার পেছনে রয়েছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে।

আন্দোলন চলাকালে গাড়ি পুড়িয়ে দেন পোশাকশ্রমিকরা, ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেন, পরাজিত রাজনৈতিক শক্তি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে শ্রমিকরা রাজনৈতিক ইন্ধনের অভিযোগ প্রত্যাখ্যান করে দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিকে আন্দোলনের কারণ হিসেবে উল্লেখ করেন।

শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নতুন মজুরি কাঠামো ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন হারে বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে উৎপাদন, রপ্তানি আদেশ ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় প্রভাব পড়তে পারে। ফলে শ্রমিক অসন্তোষ এখন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনারও বড় পরীক্ষা।

শিক্ষাঙ্গনে আন্দোলন, পুলিশি অভিযানের অভিযোগ

শ্রমিক আন্দোলনের পাশাপাশি রাজধানীতে অস্বস্তি তৈরি করেছে সরকারি কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীদের বিক্ষোভ। ৫ নভেম্বর অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি বিদায় অনুষ্ঠান নির্ধারিত সময়ের পর চলায় দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন অধ্যক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং একপর্যায়ে অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করেন।

পরে মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অধ্যক্ষকে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যান। এ সময় পুলিশি লাঠিচার্জ ও শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ওঠে। পরদিনও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অধ্যক্ষের পদত্যাগ এবং দায়ীদের বিচারের দাবি জানান। তবে অধ্যক্ষের বক্তব্য, শৃঙ্খলা বজায় রাখতেই তিনি ব্যবস্থা নিয়েছিলেন।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধ কীভাবে মধ্যরাতে পুলিশি পরিস্থিতিতে রূপ নিল, তা নিয়ে সরকারের প্রশাসনিক ভূমিকা ও জবাবদিহির প্রশ্ন উঠেছে।

ঢাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে, ফাইল ছবি

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটন ঘটে। এসব ঘটনায় জনবহুল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: বিএনপি মিডিয়া সেল

ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর

এ পরিস্থিতিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। অতীতের মতো এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। তবে তিনি সাম্প্রতিক নির্দিষ্ট ঘটনাগুলোর জন্য কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়ী করেননি। ফলে এসব ঘটনার সঙ্গে ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই নির্ধারণ করা প্রয়োজন।

দলের ভেতরেও সংঘাত, অক্টোবরে নিহত ৯

বিএনপির জন্য অস্বস্তির আরেকটি কারণ দলের অভ্যন্তরীণ সংঘাত। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ওই মাসে বিএনপির অভ্যন্তরীণ ৩৫টি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং ১৮৫ জন আহত হয়েছেন। একই সময়ে দেশে রাজনৈতিক সহিংসতার ৭০টি ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩৩৪ জন আহত হন।

দলীয় আধিপত্য, কমিটি ও পদ-পদবি নিয়ে বিভিন্ন এলাকায় সংঘাত ক্ষমতাসীন দলের সাংগঠনিক শৃঙ্খলা ও স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এছাড়া রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপিসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি জনস্বাস্থ্য, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব নিয়ে বিতর্ক তৈরি করেছে।

রাজধানীর ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে আবার হামলা হয়েছে, ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

অন্যদিকে ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে ৭ নভেম্বর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ পুরুষ ও চার নারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের ঘটনা; সরাসরি রাজনৈতিক সংঘাত নয়।

বিরোধীদের মধ্যেও মতপার্থক্য

সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো সক্রিয় থাকলেও তাদের মধ্যে সব বিষয়ে ঐক্য নেই। জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশল নিয়ে মতপার্থক্য রয়েছে। ফলে বিরোধীদের সমালোচনা ও কর্মসূচির মুখে থাকলেও সংসদীয় আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ সরকারের সামনে রয়েছে।

তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব পরিস্থিতিকে সরকারের ওপর চাপ হিসেবে দেখতে নারাজ। জাগো নিউজকে তিনি বলেন, সংস্কার নিয়ে বিরোধী দলের সঙ্গে কোনো বিরোধ নেই। শ্রমিক আন্দোলনকে কেউ কেউ ব্যবহার করতে চাইছে। দলে কোনো সমস্যা নেই, তাই চাপও নেই।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন, সরকারে আসার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে একধরনের চাপ তৈরি হয়।

তিনি জাগো নিউজকে বলেন, সরকার যখন ক্ষমতায় আসে তখনই অটোমেটিক একটা চাপ তৈরি হয়। প্রথম চাপ হলো দেশ চালাতে মানসিক চাপ তৈরি হয়। বিরোধীপক্ষ শত্রুভাবাপন্ন হলে চাপ তৈরি হয়। বিএনপি-জামায়াত মিত্র দল। সংসদীয় রীতিতে বিরোধী দল সরকারের সমালোচনা করবে, কিন্তু শত্রুভাবাপন্ন হবে—এটা কাম্য নয়।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলন, ছবি: জাগো নিউজ

একাধিক ফ্রন্টে সরকারের পরীক্ষা

সব মিলিয়ে বিএনপি সরকারকে এখন সংসদে সংস্কার প্রশ্নে বিরোধীদের সঙ্গে মতপার্থক্য, রাজপথের কর্মসূচি, পোশাকশ্রমিকদের অসন্তোষ, শিক্ষার্থীদের আন্দোলন, রাজধানীর নিরাপত্তা এবং দলের অভ্যন্তরীণ সংঘাত—বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

একদিকে রাজনৈতিক ষড়যন্ত্র ও নাশকতা মোকাবিলার কথা বলছে সরকার, অন্যদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগের নিষ্পত্তি, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা, রাজধানীর নিরাপত্তা এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্বও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এখন বড় প্রশ্ন, বিএনপি সরকার এসব চ্যালেঞ্জ আলাদাভাবে সামাল দিতে পারবে, নাকি একাধিক ফ্রন্টের চাপ রাষ্ট্র পরিচালনায় আরও বড় পরীক্ষা তৈরি করবে? ক্ষমতায় আসার পর সরকারের কার্যকারিতা শুধু বিরোধীদের মোকাবিলায় নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণ, রাজনৈতিক সহনশীলতা, জননিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতার মধ্য দিয়েই মূল্যায়িত হবে।

কেএই/এমএমএআর

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...