রিয়াদের আকাশে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির

অনলাইন নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬ ১১:৫৭ এএম
রিয়াদের আকাশে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যেন সৌদি আরবের রাজধানী রিয়াদকেই হামলার প্রধান নিশানা বানিয়েছে। প্রায় প্রতিদিনই শহরটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় এবার রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি বাহিনী।

একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এসব তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

এছাড়া, দেশটির দক্ষিণাঞ্চলে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। এসব হামলার জন্য ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়ে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তায় আকাশপথে হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল। পরে, অবশ্য বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

তবে, হামলার বিষয়ে এখন পর্যন্ত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত সরকারের মধ্যে লড়াইয়ের জেরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। ইয়েমেনের বিভিন্ন এলাকা পুনর্দখলে সরকারি বাহিনীকে বিমান হামলার মাধ্যমে সহায়তা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

অন্যদিকে, হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের তেল অবকাঠামো, শোধনাগার ও সংরক্ষণাগারে হামলা চালিয়ে আসছে।

গত সোমবারও মদিনা অঞ্চলে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলা হয়। এতে পাইপলাইনে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এতে সৌদি আরবের তেল রপ্তানির জন্য পূর্ব-পশ্চিম পাইপলাইনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, হরমুজ প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই পাইপলাইন কয়েক দফা হামলার শিকার হয়েছে।

এর আগে, গত রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যবসায়িক এলাকাতেও হামলার দাবি করেছিল হুথি বিদ্রোহীরা। তবে, ওই হামলা ঠেকানোর সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর টাওয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় সৌদি আরব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...