শেখ হাসিনাকে দেশে ফেরানোর পক্ষে বক্তব্য, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬ ৩:২৮ পিএম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর পক্ষে বক্তব্য, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা পর্যায়ের নেতা সৌরভ সিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সৌরভ সিকদার সড়কে চাঁদা আদায়ের অভিযোগে সদ্য বহিষ্কৃত মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবীর সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ নিজেকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাগনে হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া একাধিক টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম খান বাবু ও সাইফুজ্জামান শিখরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের কোনো পদে না থাকলেও সংগঠনের শীর্ষ পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল সৌরভের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে বক্তব্য দিয়েছিলেন তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে মির্জাপুরের সুজন মিয়া আহত হন। পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সৌরভের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...