সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬ ১০:০১ এএম
সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত সোহেল মোল্যার ভাই জুয়েল বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হককে হুকুমের আসামি করে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৫১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে গত ১৮ নভেম্বর রাতে কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে চন্দনা হকের নির্দেশে এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র লিটন ফকিরের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। এতে পরিকল্পিতভাবে কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, হামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাদীপক্ষ এজাহার দিতে কিছুটা বিলম্ব করায় মামলা নথিভুক্ত হতে সময় লেগেছে। এ ঘটনায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত ২০ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এর আগে হত্যাকাণ্ডের রাতে বিক্ষুব্ধ জনতা বেন্দারচর গ্রামে সাবেক এমপি মুক্তির বাড়িসহ কয়েকটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর অপচেষ্টা চালানো হলেও স্থানীয় প্রশাসন ও মূলধারার গণমাধ্যমের তৎপরতায় তা ভেস্তে যায়।

বর্তমানে কয়েক দিনের উদ্বেগ ও অস্থিরতা কাটিয়ে কালিয়ার হিন্দু-মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছেন।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, কালিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত নিরাপদে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সদা সতর্ক রয়েছে। তবে হত্যাকাণ্ডের বিচার দাবিতে দলটির বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...