গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ

অনলাইন নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬ ৩:০৯ পিএম
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এতে গ্রামীণ পর্যায়ে ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের ঋণ কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয়গুলোতে অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা নিয়মিত ব্যাংকিং সেবা নিতে পারছেন না।

দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। এর বাইরে রয়েছে ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস। ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনা রয়েছে ৬৭৭টি।

গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত ব্যাংকটির কার্যক্রম। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানার ৯০ শতাংশ ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের হাতে। বাকি ১০ শতাংশ সরকারের মালিকানাধীন। ফলে ব্যাংকটির শাখা ও কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপুলসংখ্যক গ্রামীণ গ্রাহকের আর্থিক সেবা প্রাপ্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকরা এ সেবা গ্রহণ করতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।

এতে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ঘটনার নেতিবাচক প্রভাব আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা পাওয়ার ওপরও পড়তে পারে। ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...