মেসি নেই, তবু আর্জেন্টিনাই থাকবে শীর্ষে: স্কালোনি

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬ ৪:০৫ পিএম
মেসি নেই, তবু আর্জেন্টিনাই থাকবে শীর্ষে: স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্বাস করেন, লিওনেল মেসিকে হারালেও জাতীয় দল তার উচ্চতা ধরে রাখতে পারবে। তবে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগ, স্মৃতি আর নস্টালজিয়ায় ভাসবে পুরো আর্জেন্টিনা। মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছেন ৩৯ বছর বয়সী মেসি।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজন করেছিল আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপজয়ী দলের প্রায় সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সতীর্থদের উপস্থিতিতেই জাতীয় দলের জার্সিতে শেষবার দেখা যায় আর্জেন্টিনার অধিনায়ককে।

বিজ্ঞাপন

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা মেসি জাতীয় দলের হয়ে রেখে গেলেন অসাধারণ এক উত্তরাধিকার। ২০২২ বিশ্বকাপ শিরোপা, ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ হওয়া, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় এবং ২০০৮ অলিম্পিক সোনা- সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার অর্জনের তালিকা দীর্ঘ।

জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোলও মেসির নামের পাশে দুটি রেকর্ড। দুটিই আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ। বিশ্বকাপের তিনটি ফাইনাল খেলা প্রথম পুরুষ ফুটবলারও তিনি।

বিজ্ঞাপন

তাই মেসির অবসরের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাকে ছাড়া আর্জেন্টিনা কি বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে? দিয়েগো ম্যারাডোনার বিদায়ের পর ৩৫ বছরের শিরোপা-খরা যেমন আর্জেন্টিনার ফুটবলকে দীর্ঘ অপেক্ষার মধ্যে ফেলেছিল, তেমন কোনো সময় কি সামনে অপেক্ষা করছে? এমন প্রশ্নও উঠছে।

তবে সে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্কালোনি। মেসির অবদানকে অতুলনীয় উল্লেখ করে তিনি বলেন, তার মতো একজনকে আর দেখা যায়নি এবং মাঠে তার উপস্থিতিই সবচেয়ে বেশি মিস করবে আর্জেন্টিনা।

স্কালোনির ভাষায়, ‘মেসি এমন কিছু রেখে গেছে, যার কোনো তুলনা নেই। আমাদের খেলতে হবে, কিন্তু তাকে মাঠে পাওয়ার যে অনুভূতি, সেটি একেবারেই অনন্য। ফুটবল মাঠে তিনি যা করেন, তা আর কাউকে করতে দেখিনি। সেটিই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

বিজ্ঞাপন

তবে মেসির বিদায়ের পরও আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে স্কালোনির আত্মবিশ্বাস অটুট। আরও চার বছরের জন্য চুক্তি নবায়নের বিষয়ে আলোচনায় থাকা এই কোচ মনে করেন, মেসির পরও আর্জেন্টিনা শীর্ষ পর্যায়ে থাকবে।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল টিকে থাকবে। আমরা উচ্চ পর্যায়েই থাকব, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওতামেন্দিও মেসির সঙ্গে বিদায়ী ম্যাচ খেলেছেন। ২০২২ বিশ্বকাপজয়ী দলের প্রায় সব সদস্যই মনুমেন্টালে উপস্থিত ছিলেন মেসিকে বিদায় জানাতে। শুধু পাওলো দিবালা, নাহুয়েল মোলিনা ও আলেহান্দ্রো গোমেজ ছিলেন না।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার আগের দুটি ম্যাচেও আশাবাদ জাগিয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচের আগে বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের শক্তি নিয়ে প্রশ্ন থাকলেও দুই ম্যাচেই আর্জেন্টিনার পারফরম্যান্সে ভবিষ্যতের সম্ভাবনার ঝলক দেখা গেছে।

এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন ফুটবলারও নজর কেড়েছেন। নিকো পাজ ও ফ্রাঙ্কো মাসতানন্তুয়ানোর মতো সৃজনশীল মিডফিল্ডার এবং জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও লিওনেল ফ্লোরেসের মতো উইঙ্গাররা মেসি-পরবর্তী আর্জেন্টিনার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন।

বিজ্ঞাপন

তবু মেসির শূন্যতা পূরণ করা যে সহজ হবে না, সেটিই মনে করিয়ে দিয়েছেন স্কালোনি। তার মতে, মাঠের বাইরে থেকেও মেসি সতীর্থদের জন্য অসাধারণ এক উদাহরণ।

স্কালোনি বলেন, ‘এখন শুধু নস্টালজিয়াই থাকবে, কারণ সে আর এখানে থাকবে না। সে অবিশ্বাস্য এক উদাহরণ। সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়। নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে যেভাবে নেয়, তা অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘শুধু সে যেভাবে খেলে তা দেখলেই বোঝা যায়, সে একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু তার ভেতরের আরও অনেক বিষয় আছে, যা সতীর্থরা দেখতে পায়। সে হতে পারে সবচেয়ে ভালো উদাহরণ।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...