মেসি-অধ্যায়ের সমাপ্তি, ‘একা’ হয়ে গেলেন স্কালোনি
অবশেষে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসি-অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই মহাতারকা। যে মেসি-স্কালোনি জুটি আলবিসেলেস্তেদের একের পর এক ঐতিহাসিক ট্রফি উপহার দিয়েছে, জাতীয় দলের হয়ে তা আর কখনো দেখা যাবে না।
বিদায়ী ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছেন মেসি। দলের তিন গোলেই ছিল তাঁর প্রত্যক্ষ অবদান নিকো পাস ও নিকোলাস ওটামেন্ডিকে দিয়ে দুটি গোল করানোর পাশাপাশি ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজেই লক্ষ্যভেদ করেন। ম্যাচ শেষে বুয়েনস আইরেসের গ্যালারিজুড়ে নেমে আসে আবেগের ঢল। অশ্রুসজল চোখে বিদায়ী ভাষণ দেন মেসি, যা মন্ত্রমুগ্ধের মতো শোনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, সতীর্থ ও হাজার হাজার দর্শক।
মেসির বিদায়ে গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন কোচ লিওনেল স্কালোনি। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “তাকে নিজের দলে পাওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। মানুষকে সেটা বোঝানো সত্যিই খুব কঠিন; এটা আপনাকে নিজেকেই অনুভব করতে হবে।”
স্কালোনির আট বছরের কোচিং মেয়াদে মেসিকে রূপকার করে আর্জেন্টিনা জয় করেছে একের পর এক আন্তর্জাতিক শিরোপা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে বলে স্বীকার করে স্কালোনি বলেন, আমরা যতই নতুন খেলোয়াড়দের নিয়ে দল পুনর্গঠন করি না কেন, দুর্দান্ত একটি দল হয়তো গড়ে তুলতে পারব, কিন্তু তার মতো সেই আভা আর কারও মধ্যে কখনো দেখিনি। তবে এই বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এখন তাকে ছাড়াই সামনে এগোতে হবে।
বেনিনের বিপক্ষে এই ম্যাচটি দিয়ে মেসির পাশাপাশি আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও। এর মধ্য দিয়ে জাতীয় দলের আকাশি-সাদা পোশাকে স্মরণীয় এক যুগের অবসান ঘটল।


