আতহার-শামীম নেই, আবুধাবি টেস্টে ধারাভাষ্যে চমক

অনলাইন নিউজ ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬ ২:০৪ পিএম
আতহার-শামীম নেই, আবুধাবি টেস্টে ধারাভাষ্যে চমক

মাঠে বাংলাদেশ-আফগানিস্তানের লড়াই শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি! তার আগেই আলোচনার জন্ম দিয়েছে আবুধাবি টেস্টের ধারাভাষ্য প্যানেল। ছয় সদস্যের প্যানেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাত্র একজন। আর সবচেয়ে বড় চমক-প্যানেলে রাখা হয়েছে আফগানিস্তানের বর্তমান ক্রিকেটার নাভিন উল হককে!

Advertisement

শুক্রবার থেকে আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ম্যাচটির এক দিন আগে বৃহস্পতিবার সকালে ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ছয় সদস্যের প্যানেলে আছেন পাকিস্তানের রমিজ রাজা, শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ, আয়ারল্যান্ডের অ্যান্ড্রু লিওনার্ড, আফগানিস্তানের আহমেদ ফরহাদ ফিদাই ও নাভিন উল হক এবং বাংলাদেশের মাজহার উদ্দিন অমি।

তালিকায় বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধি মাজহার উদ্দিন অমি। সাবেক বয়সভিত্তিক ক্রিকেটার অমি বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে পরিচিত। তবে বাংলাদেশের দুই পরিচিত কণ্ঠ আতহার আলী খান ও শামীম চৌধুরীর কেউই নেই এবারের প্যানেলে।

এর চেয়েও বেশি কৌতূহল তৈরি করেছে নাভিন উল হকের নাম। ২৭ বছর বয়সী এই আফগান পেসার এখনও সক্রিয় ক্রিকেটার। যদিও বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন, টেস্ট ক্রিকেটেও তার অভিজ্ঞতা নেই। সেই নাভিনই এবার ক্রিকেটার থেকে সরাসরি মাইক্রোফোনের সামনে-যা ধারাভাষ্য প্যানেলটিকে দিয়েছে বাড়তি মাত্রা।

Advertisement

মাঠের লড়াইটাও বাংলাদেশের জন্য ভিন্ন অভিজ্ঞতার হতে যাচ্ছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভাড়া করা আবুধাবির ভেন্যুতে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে টেস্টটি।

আফগানিস্তানের বিপক্ষে এর আগে টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই ম্যাচ হয়েছে বাংলাদেশের মাটিতে। এবারই প্রথম আফগানদের বিপক্ষে কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে নামছে টাইগাররা!

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...