মানবপাচার প্রতিরোধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬ ৭:২৪ পিএম
মানবপাচার প্রতিরোধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ‘উইনরক ইন্টারন্যাশনাল’-এর গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসুদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ আইন, ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম এবং ভিকটিমদের টেকসই পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার মানবপাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা, পুনর্বাসন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এনআরএম ও মানবপাচার প্রতিরোধ তহবিল কার্যকরভাবে পরিচালনা করছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে বৈদেশিক কর্মসংস্থানের নামে সাইবার স্পেস ও ভুয়া অনলাইন জব অফারের মাধ্যমে সংঘটিত জালিয়াতি ও মানবপাচার চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাকসোদা মাকসুদি বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে ২০০৮ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রশংসা করেন। তিনি ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ এবং আসন্ন ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা (এনপিএ) বাস্তবায়নে উইনরকের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...